২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র ৫ ও ৬ এপ্রিল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে।
ঢাকা বোর্ডে ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্র সচিবদের বিতরণ করা হবে আগামী ৫ ও ৬ এপ্রিল। কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবেশপত্র বিতরণ করা হবে আগামী ৭ এপ্রিল।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটিবোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষা কেন্দ্র- ২০২৬ এর সব কেন্দ্র সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র ৫ ও ৬ এপ্রিল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোন শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন সময়ে নেয়ার করার জন্য অনুরোধ করা হলো। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তিকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র ৭ এপ্রিল বিতরণ করবেন।
আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে প্রবেশপত্র যাচাই করে কোন প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেয়ার জন্য অবশ্যই ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপ পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদন পত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাই দায়ী থাকবেন।
ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্র সচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ এপ্রিল ও নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর,রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জের কেন্দ্র সচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৬ এপ্রিল ।
ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।