পবিত্র রমজানের ছুটির সময়ের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) জয়নাল আবেদীনের সই করা আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের গত ১৬ মার্চের বৈঠকে সিদ্ধান্ত হয়– ছুটি শেষের পরবর্তী ১০টি শনিবার স্কুল খোলা রেখে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক, বিভাগীয় উপপরিচালক, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের দপ্তরে পাঠানো হয়েছে।